ভাষণ : নবীনবরণ অনুষ্ঠান
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 345 words | 2 mins to read |
Total View 25.9K |
|
Last Updated 30-Mar-2022 | 06:39 AM |
Today View 0 |
তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ভাষণ রচনা
কর।
নবীনবরণ অনুষ্ঠান
উপস্থিত আজকের ‘নবীনবরণ’ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি,
উপস্থিত সুধীমণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রী ভাইবোনেরা, আমার শুভেচ্ছা
গ্রহণ করুন।
হে নবীন বন্ধুরা,
মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হয়ে বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে জীবনকুসুমকে
প্রস্ফুটিত করার আকাঙ্ক্ষায় চোখে-মুখে নতুন স্বপ্ন নিয়ে তোমরা এসেছ এ
মহাবিদ্যালয়ের সবুজ শ্যামল চত্বরে। যাত্রার প্রাক্কালে তোমাদেরকে জানাই স্বাগতম ও
একরাশ ফুলের শুভেচ্ছা। তোমাদের সকলের সমবেত প্রাণবন্যায়, উদ্যমতায় মুখর হয়ে
উঠুক এই বিদ্যাঙ্গন।
হে শিক্ষার্থী ভাই-বোনেরা,
তোমরা এসেছ এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের অন্বেষায়, নিজেকে
প্রস্ফুটিত পুষ্পের মতো বিকশিত করার লক্ষ্যে। আমরা তোমাদের স্বাগত জানাই। এই
জ্ঞানতীর্থের পবিত্র অঙ্গনে তোমাদের আর আমাদের মিলন পরস্পরের জ্ঞান অর্জনের
সহায়ক হবে। সুদৃঢ় আমাদের তীর্থযাত্রা।
হে সূর্যসৈনিকরা,
তোমরা নবীন। ঝরনাধারার মতো তোমাদের চলার ছন্দগতি। তোমাদের এই ঊর্মিমুখর আগমনী
বার্তাকে আমরা অভিনন্দন জানাই। সাহসী সৈনিকের মতো সকল বাধা-বিঘ্ন, প্রতিবন্ধকতাকে
দলিত মথিত করে তোমরা সম্মুখে এগিয়ে যাবে- এটিই আমাদের কামনা।
হে অগ্রনায়ক বন্ধুগণ,
তোমরা দুর্বার, দুরন্ত গতিময় ও অসীম সাহসী। এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে তোমরা
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রনায়কের ভূমিকা পালন করবে। তোমাদের কাছে এই
প্রত্যাশা আমাদের।
হে নবীন শিক্ষার্থীরা,
তোমরা নবীন প্রাণের তারুণ্যে উদ্দীপ্ত। তোমাদের মন সবুজ, সতেজ ও সজীব। এ
শিক্ষাঙ্গনে জ্ঞানাহরণ শেষে তোমরা মানবসেবায় ছড়িয়ে পড়বে। শিক্ষার আলোয়
আলোকিত করবে অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন সমাজ, দেশ, পৃথিবী।
হে পুণ্যপথের অভিযাত্রীরা,
শিক্ষালাভ ধর্মীয় দিক থেকেও পুণ্যের কাজ। এ পুণ্য লাভের যাত্রাপথে তোমরা এখন
উচ্চ প্রাসাদের স্বপ্নসিড়িতে। এ পথ তোমরা সাফল্য ও সার্থকতার সাথে অতিক্রান্ত
করবে বলে আমার বিশ্বাস।
হে জ্ঞানপিপাসু বন্ধুরা,
শিক্ষাঙ্গন জ্ঞানের ভাণ্ডার, আর তোমরা হলে জ্ঞানপিপাসু। এ শিক্ষা সাগর থেকে জ্ঞান
আহরণ করে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবে। সে শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন
পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
হে নবাগত সাথিরা,
তোমরা আমাদের প্রাণের প্রীতি নাও তোমরা সফল হও। সুন্দর হোক তোমাদের জীবন সার্থক
হোক তোমাদের অভিযাত্রা জ্ঞান ও কল্যাণের পথে। পরিশেষে পরম করুণাময়ের দরবারে তোমাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করছি।
সেই সঙ্গে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে নিবেদন করছি অন্তর
উজাড় করা শ্রদ্ধা ও ভক্তি।
ধন্যবাদ সবাইকে।
Leave a Comment (Text or Voice)
Comments (0)