অনুচ্ছেদ : গ্রাম্য মেলা
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 440 words | 3 mins to read |
Total View 44.3K |
|
Last Updated 10-May-2021 | 06:30 AM |
Today View 1 |
গ্রাম্য মেলা
গ্রাম্য মেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য। আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রাম্য মেলার প্রচলন রয়েছে, বহুকাল ধরে এ দেশের মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরি জিনিস বেচা-কেনা করে আসছে। এছাড়া মেলায় আনন্দ উপভোগেরও সুযোগ রয়েছে। এতে সার্কাস, যাত্রাপালা, সং, নৃত্যগীত, নাগরদোলা, লটারি, ঘোড়দৌড়, লাঠিখেলা ইত্যাদির আয়োজন থাকে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষই এগুলো উপভোগ করে আনন্দ পায়। সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানা রকম খেলনা ও পুতুল, মিষ্টিসহ নানা খাবারও পাওয়া যায় মেলায়। গ্রামের মেয়েরা বাহারি কাচের চুড়ি ও প্রসাধন সামগ্রী কিনতে মেলায় আসে। সাধারণত চৈত্রসংক্রান্তি, অষ্টমী, গাজন, শিবরাত্রি, মহররম, ঈদ, বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, পহেলা বৈশাখ ইত্যাদি উপলক্ষে গ্রাম্য মেলার আয়োজন হয়। এছাড়াও পীর-সন্ন্যাসীর নামে, নৌকাবাইচ, রথযাত্রা, দুর্গা বা কালীপূজা, নানা লৌকিক উৎসব উপলক্ষে ছোট-বড় মেলা বসে। নদীর পাড়ে, মাঠে, রাস্তার উপর বা পাশে, মন্দির বা মাজারের সামনে, হাট-বাজারের স্থানে এসব মেলা হয়। দূর-দূরান্ত থেকে লোকজন এসে পণ্য সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তোলে। মেলা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে আলাপ-পরিচয়, বন্ধুত্ব, এমনকি আত্মীয়তাও গড়ে ওঠে। একসঙ্গে গল্পগুজব, খাওয়া-দাওয়া, অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় হয়। ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে মানুষে মানুষে মিলনের ক্ষেত্রে গ্রাম্য মেলার জুড়ি নেই। এসব কারণেই গ্রাম্য মেলার ঐতিহ্য ধরে রাখা অপরিহার্য। পুরনো লোকমেলাগুলোকে পুনরুজ্জীবিত করা ও বিভিন্ন উপলক্ষে নতুন নতুন মেলার আয়োজন করা হলে গ্রামীণ জীবন যেমন উজ্জীবিত হয়, তেমনি উপকৃতও হবে। গ্রাম্য মেলা মানুষকে ক্ষুদ্র থেকে বৃহতের, সংকীর্ণতা থেকে উদারতার চেতনায় অভিষিক্ত করে।
একই অনুচ্ছেদ আরেকবার সংগ্রহ করে দেয়া হলো
গ্রাম্যমেলা বাঙালি সংস্কৃতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। এটি আবহমান গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ‘মেলা’ শব্দটির আভিধানিক অর্থ বিশেষ কোনো উপলক্ষ্যে হাটবাজার অপেক্ষা প্রচুরতর পণ্য ক্রয় বিক্রয়সহ আমোদ প্রমোদের অস্থায়ী ব্যবস্থা। ‘মেলা’ কথাটির আরেকটি অর্থ হচ্ছে ‘মিলন’। অর্থাৎ গ্রামবাংলার সাধারণ মানুষ সব কষ্ট ও বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে মিলিত হয়, প্রাণের মিলন ঘটায় এই গ্রাম্যমেলাকে উপলক্ষ্য করে। তাই গ্রাম্যমেলার সঙ্গে বাঙালির আত্মিক সম্পর্ক বেশ সুনিবিড়। দেশের অনেক স্থানে বাংলা বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্রসংক্রান্তিতে মেলা আয়োজনের রেওয়াজ আছে। আবার পহেলা বৈশাখে আয়োজিত বৈশাখীমেলার মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। এভাবেই হেমন্তে নতুন ধান কাটার পর কোথাও মেলা বসে, পৌষের বিদায়লগ্নে হয় পৌষসংক্রান্তির মেলা। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা, দোল পূর্ণিমা এবং মুসলমানদের মহররম উপলক্ষ্যে গ্রাম্যমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। অগণিত মানুষের পদচারণায় মুখর এসব মেলা গ্রামীণ সংস্কৃতির ধারক ও বাহক। পুতুলনাচ, নাগরদোলা, লাঠিখেলা, যাত্রা, ম্যাজিক প্রদর্শন, সার্কাস ইত্যাদির মাধ্যমে সবাই আনন্দে মাতে। গ্রামবাংলার শিল্পী-কারিগরদের নিপুণ হাতে তৈরি তৈজসপত্র ও অন্যান্য দ্রব্যসামগ্রীর বেচাকেনা চলে হরদম। বিন্নি ধানের খই, মুড়ি-মুড়কি, জিলিপি, বাতাসাা ও অন্যান্য মিষ্টিজাতীয় খাবার ছেলে-বুড়ো সবার রসনাকে তৃপ্ত করে। সময়ের পরিক্রমায়, যন্ত্রসভ্যতার প্রভাবে গ্রাম্যমেলার আবেদন দিন দিন হারিয়ে যাচ্ছে, তার নিজস্ব রূপ যাচ্ছে পাল্টে। তবু একথা স্মরণ রাখতে হবে, গ্রাম্যমেলায় গ্রামবাংলার শাশ্বত রূপ সার্থকভাবে ফুটে ওঠে। যুগ যুগ ধরে বাঙালির প্রাণোচ্ছ্বাসকে ধারণ করে গ্রাম্যমেলা গ্রামবাংলার মানুষের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাঙালির নিজস্বতা প্রকাশে গ্রাম্যমেলার গুরুত্ব অনস্বীকার্য।
Leave a Comment (Text or Voice)
Comments (3)
Right
Beshi boro hoye gese. Mukhosto korte kothin lagtese
Arektu choto koren